ড.ইউনূসকে বিশ্ব ব্যাংকের প্রধান করার প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
# প্রস্তাবের বিষয়ে আজ কথা বলবে ইউরোপীয় প্রতিনিধি দল
ঢাকা, ফেব্রুয়ারি ২২।- গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্ব ব্যাংকের প্রধান করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে শেখ হাসিনা তাদের এই প্রস্তাব দেন বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত সচিব পর্যায়ের একজন কর্মকর্তা।নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা শেখ হাসিনার এ প্রস্তাবের প্রশংসা করেছেন। তবে অন্য একটি সূত্র জানায়, ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্ব ব্যাংকের প্রধান করতে প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিষয়ে বৃহস্পতিবার কথা বলবে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জেলিক সম্প্রতি জানান, নতুন করে তিনি আর এ পদের জন্য লড়বেন না। মেয়াদ শেষে আগামী ৩০ জুনই তিনি পদ ছাড়বেন।
বিডিনিউজ জানায়: ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরানোর জন্য যাকে সবচেয়ে বেশি দায়ী করা হয়, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এবার এ নোবেল বিজয়ীকে ওয়াশিংটনভিত্তিক বিশ্ব ব্যাংকের প্রধান করার প্রস্তাব দিলেন।
সবসময় আমেরিকানদের দখলে থাকা ওই পদটি বাংলাদেশের মতো গরিব ঋণগ্রহিতা দেশগুলোতে অনেক ক্ষমতার আধার। তবে এই পদে ইউনূসের নাম প্রস্তাব করার ধারণাটিই স্বাভাবিকভাবেই অনেককেই বিস্মিত করার মতো। ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে শেখ হাসিনা তাদের এই প্রস্তাব দেন।বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়ক প্রতিবেদক সুমন মাহবুবকে বলেন, জ্যঁ ল্যাম্বার্টের নেতৃত্বে ইউরোপীয় পার্লামেন্টের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা শেখ হাসিনার এ প্রস্তাবের প্রশংসাও করেছেন। ওই কর্মকর্তা বলেন, “বৈঠকে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা, আঞ্চলিক সহযোগিতা, যোগাযোগ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সন্ত্রাস দমন এবং গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে এবং এসব ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।” তবে ইউনূস প্রসঙ্গে বিস্তারিত আর কিছু জানাননি ওই কর্মকর্তা।বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট রবার্ট জেলিক গত সপ্তাহে জানান, তিনি আর এ পদে পুনঃনিয়োগ চান না। পাঁচ বছর মেয়াদ শেষে আগামী ৩০ জুনই তিনি পদ ছাড়বেন। এ সংস্থার পরবর্তী প্রধান কে হচ্ছেন- তা নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে, যাতে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নামও।দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে বিশ্বব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই এ সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন কোনো না কোনো আমেরিকান, যেখানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শীর্ষ পদে সবসময়ই ছিলেন ইউরোপীয় কেউ। গরিব দেশগুলোতে পাশ্চাত্যের নীতি-পরামর্শ চাপিয়ে দেয়ার অভিযোগে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয়েছে এ দুটি প্রতিষ্ঠানকে, উন্নয়নশীল দেশগুলোতে যেসব নীতির কারণে উল্টো ফল হয়েছে বহুবার। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচিত ইউনূসকে বিশ্বব্যাংক প্রধানের পদে মনোনীত করা হলে তা হবে এ সংস্থার দীর্ঘদিনের অবস্থানের বড় পরিবর্তন। আর ওই পদে যেতে পারলে ইউনূসকেও ‘দরিদ্রদের ব্যাংকার’ থেকে নিজেকে পরিণত করতে হবে ‘দরিদ্র দেশের ঋণদাতায়’। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক সম্প্রতি ২.৯ বিলিয়ন ডলারের পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে দেয়ায় সরকারের সঙ্গে তাদের টানাপোড়েন চলছে। এই সেতু নির্মাণে অর্থের জন্য এখন অন্য উৎস খুঁজতে হচ্ছে সরকারকে।
ইউনূস বিষয়ে বৃহস্পতিবার বলবেন ল্যাম্বার্ট :
এদিকে, ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্ব ব্যাংকের প্রধান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবের বিষয়ে বৃহস্পতিবার কথা বলবে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। বুধবার দলটি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি ওয়াশিংটনভিত্তিক সংস্থাটির শীর্ষ পদে নোবেল বিজয়ী বাংলাদেশির নাম প্রস্তাব করেন বলে বৈঠকে উপস্থিত ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলটি পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে দেখা করে। ড. ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে প্রতিনিধি দলের প্রধান জ্যঁ ল্যাম্বার্ট সেখানে সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলবেন তারা। গত ১৯ ফেব্রুয়ারি সাত সদস্যের এ প্রতিনিধি দল ঢাকা সফরে আসেন।পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে মিয়ানমার পরিস্থিতি, সার্ক এবং জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করে ইউরোপীয় প্রতিনিধি দল। বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা নিয়ে ল্যাম্বার্ট বলেন, “এ বিষয়ে মিয়ানমারের যে কোনো পদক্ষেপকে স্বাগত জানানো হবে।” মালদ্বীপের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।প্রসঙ্গত, অনুমোদন না নিয়ে পদে থাকার কারণ দেখিয়ে কেন্দ্রীয় ব্যাংক গত বছর ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইউনূসকে অব্যাহতি দেয়। এর বিরুদ্ধে ইউনূস উচ্চ আদালতে গেলেও তা খারিজ হয়ে যায়। তবে আপিল বিভাগের ওই আদেশ পুনর্বিবেচনার জন্য গত ডিসেম্বরে একটি আবেদন করেছেন ড. ইউনূস, যিনি ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের চেষ্টার স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয় করেন। ২০১০ এর ডিসেম্বরে নরওয়ের টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেয়া বিদেশি অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে স্থানান্তরের অভিযোগ ওঠার পর দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে গ্রামীণ ব্যাংকের কর্মকান্ড পর্যালোচনায় একটি কমিটি গঠন করে সরকার।
জনগণের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি নয়:প্রধানমন্ত্রী
ঢাকা, ফেব্রুয়ারি ২২।- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না। বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “সব সময় একটা অঘটন ঘটিয়ে, লাশের ওপর পাড়া দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর থাকেন।”
বিডিনিউজ জানায়: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন দলটির সভানেত্রী হাসিনা। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “এদের কথা ও কাজে মিল নেই।”বর্তমান সরকারের আমলে উপ-নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এই নির্বাচনগুলো নিয়ে কোনো অভিযোগ ওঠেনি। কোথাও কোনো গোলযোগ হয়নি।”“একটি নির্বাচনেও সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ করা হয়নি- এটা মনে হয় বিরোধীদলীয় নেতার পছন্দ হয়নি।” ‘দুর্নীতিবাজ, বাংলা ভাই ও জঙ্গিবাদের স্রষ্টারা’ যেন আর রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিএনপি ক্ষমতায় থাকতে বাংলাদেশ ছিল দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের দেশ।”বিরোধীদলীয় নেতার [খালেদা জিয়া] বোধোদয় হয়েছে বলেও আলোচনা সভায় মন্তব্য করেন সংসদ নেতা হাসিনা। হাসিনা বলেন, “তিনি বলেছেন, তিনি ক্ষমতায় গেলে আর প্রতিহিংসার রাজনীতি করবেন না। তার মানে, এতো দিন তিনি প্রতিহিংসার রাজনীতি করেছিলেন- সেটাই প্রমাণ করলেন।”সরকারকে ‘ল্যাংড়া-লুলা’ করে দেবেন বলে খালেদা জিয়ার দেয়া সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “সরকারকে ল্যাংড়া-লুলা করে দেয়ার মানে হলো- যারা এই সরকারকে ভোট দিয়েছিল, তিনি [খালেদা জিয়া] সেই জনগণকে ল্যাংড়া-লুলা করে দেবেন?” “সরকার তো দেশের। তার মানে, তিনি বাংলাদেশকে ল্যাংড়া-লুলা করে দেবেন? আমরা কোনটা ধরে নেব?”তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে খালেদা জিয়ার কথায় জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “এক সময় উনি (খালেদা জিয়া) বলেছেন, পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। ২০০৮ সালে বললেন, জনগণ আর তত্ত্বাবধায়ক সরকার চাইবে না।”আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপ-নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন সভাপতিমন্ডলীর আরেক সদস্য শেখ ফজলুল করিম সেলিম, উপদেষ্টা পরিষদের সদস্য ও রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ প্রমুখ।
১০ মার্চ থেকে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু
॥ঢাকা ব্যুরো থেকে॥
আগামী ১০ মার্চ থেকে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। এ হালনাগাদের কার্যক্রম মোট চারটি পর্যায়ে সম্পন্ন করা হবে। নির্ভুলভাবে হালনাগাদ কাজ সম্পন্ন করার জন্য ইসি সচিবালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া শুরু করেছে কমিশন। গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তথ্য জানা গেছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে মোট ১৪০টি করে উপজেলা এবং চতুর্থ পর্যায়ে ৭২টি উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় থেকে জানানো হয়, সারাদেশে ৬৪টি জেলায় ও ৫১১টি উপজেলায় কমিশনের নিজস্ব কার্যালয় রয়েছে। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে কমিশনের জেলা ও উপজেলা পর্যায়ের সকল কার্যালয়কে প্রস্তুতি গ্রহণের জন্য বলা হয়েছে।নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন বলেন, কমিশনের মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে লোকবল স্বল্পতা ও প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১২ কে চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে। নির্ভুলভাবে কাজটি সম্পন্ন করার জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে।ইসির কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে ইতোমধ্যে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া শুরু করেছে কমিশন। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দিবেন। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত ইসির ৪০৩ নং সভায় চার পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদের সিদ্ধান্ত গৃহীত হয়। দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ শুরুর কাজই হবে বর্তমান কমিশনের অধীনে প্রথম কোনো বড় কাজের সূচনা।
মাতৃভাষার ওপর প্রবন্ধের জন্য স্বর্ণপদক পেলেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান
॥ঢাকা ব্যুরো থেকে॥
ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর প্রবন্ধ, সেমিনার এবং সমাজিক-উন্নয়ন কাজে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসাবে স্বর্ণ পদক পেয়েছেন পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। গতকাল বুধবার মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার দেন ভাষা সৈনিক আব্দুল মতিন। মোঃ রশীদুজ্জামান পাইকগাছা উপজেলায় একাধিক নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। এছাড়াও সুন্দরবন রক্ষা আন্দোলন, কপোতাক্ষ বাঁচাও আন্দোলন ও দক্ষিণাঞ্চলের লবনপানি বিরোধী আন্দোলনের সাথে জড়িত রয়েছেন। এছাড়াও তিনি ১৯৯৯ সালে বাংলাভাষা সারা বিশ্বে মাতৃভাষার স্বীকৃতি পাওয়ার পর থেকেই বিভিন্ন সময় সভা ও সেমিনার করেছেন ভাষার ওপর।
সফটওয়্যার টেকনোলজি পার্ক চালু শীঘ্রই: মুহিত
ঢাকা, ফেব্রুয়ারি ২২।- বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, “কারওয়ান বাজারের জনতা টাওয়ারের শিগগিরই সফটওয়্যার টেকনোলজি পার্ক চালু হবে।”
বিডিনিউজ জানায়: ভালো কর্মসংস্থানের জন্য সেবার মান উন্নয়নের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, “সেবা খাতে বেশ প্রবৃদ্ধি হয় তবে অনেক ক্ষেত্রেই সেবা খাত তেমন উন্নত নয়। আর উন্নত সেবা খাতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তথ্যপ্রযুক্তি।”সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ ধরনের মেলা বেশ সহায়ক উল্লেখ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সচিব মো. রফিকুল ইসলাম বলেন, “সফটওয়্যার রপ্তানির ক্ষেত্রে আমরা অনেক এগিয়েছি। আমাদের ভবিষ্যৎ তরুণ প্রজন্ম এ খাতকে এগিয়ে নিয়ে যাবে।” অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মাহবুব জামান বলেন, “খুব শিগগিরই পেপ্যাল আমাদের দেশে কাজ শুরু করবে বলে পেপ্যাল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে। এছাড়া গ্লোবাল আইটি আউটসোর্সিংয়ে আমরা ইতোমধ্যে বিশেষ জায়গায় আছি।”এবারের সফটএক্সপোতে দেশি-বিদেশি প্রায় ১৪০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। রয়েছে ৮০টির বেশি সেমিনার, টেকনিক্যাল সেশন, ওপেন সেশন ও বিজনেস ম্যাচমেকিং প্রেজেন্টেশন।
নাইকো দুর্নীতি: মোশাররফের জামিন নাকচ
ঢাকা, ফেব্রুয়ারি ২২।- নাইকোর কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় চারদলীয় জোট সরকারের সময়ের জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের জামিন আবেদন নাকচ করে দিয়েছে হাইকোর্ট।
বিডিনিউজ জানায়: বুধবার সকালে মোশাররফ হোসেন হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ জামিন আবেদনটি খারিজ করে দেয়।রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম বলেন, “ওই মামলা অভিযোগ এখনো আমলে নেয়া হয়নি। এই পর্যায়ে জামিন আবেদন গ্রহণযোগ্য নয়, এটা বিবেচনা করে আদালত জামিন আবেদন গ্রহণ করেনি।”
দুই বাংলাদেশিকে পুলিশে দিলো বিএসএফ
কুড়িগ্রাম, ফেব্রুয়ারি ২২।- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে পুলিশে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।
বিডিনিউজ জানায়: বিজিবি বাগভান্ডার বিওপি’র কোম্পানি অধিনায়ক মকবুল হোসেন জানান, বুধবার ভোর ৬টার দিকে ভারত থেকে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরে দুপুরে তাদের দিনহাটা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরা হলেন- ভোটহাট গ্রামের রুহুল আমিনের ছেলে বেলাল হোসেন (১৫) ও একই গ্রামের গ্যাদা মিয়ার ছেলে হাসেম আলী (১৩)। বিজিবি অধিনায়ক জানান, বাগভান্ডার এলাকার সীমানা পিলার ৯৫৮-এর ১ (এস) এর পাশ দিয়ে ভারতীয় গরু নিয়ে আসার সময় ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দূর্গানগর ক্যাম্পের সদস্যরা দুই রাখালকে আটক করে। সকালেই বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দূর্গানগর ক্যাম্পে চিঠি দিলেও বিএসএফের সাড়া মেলেনি। পরে দুপুর ১২টার দিকে বিএসএফ জানায়, ওই দুই বাংলাদেশিকে দিনহাটা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, গত ৯ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা সীমান্তে পাঁচ বাংলাদেশিকে আটকের পর মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করে বিএসএফ। একই দিন সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয় দুই জন।
শহীদ মিনারের পাশে মাজার ভাঙার নির্দেশ
ঢাকা, ফেব্রুয়ারি ২২।- কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে সাধারণ একটি কবর ঘিরে অবৈধভাবে গড়ে ওঠা মাজারের স্থাপনা ৪৮ ঘণ্টার মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট, তবে কবরটি ঠিক রাখতে বলা হয়েছে।
বিডিনিউজ জানায়: ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনের এক রিট আবেদনে বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। আদেশে বলা হয়, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের অবৈধ স্থাপনা ৪৮ ঘণ্টার মধ্যে ভেঙে ফেলতে হবে। এই আদেশ বাস্তবায়ন করে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী (সিভিল ডিভিশন), ঢাকার জেলা প্রশাসক ও শাহবাগ থানার ওসিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারের জমি রক্ষায় কেন বিবাদীদের নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছে আদালত।
সংস্কৃতি সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের প্রশাসক, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী, প্রধান স্থপতি, নির্বাহী প্রকৌশলী (সিভিল ডিভিশন), ঢাকার জেলা প্রশাসক ও শাহবাগ থানার ওসিকে ১২ দিনের মধ্যে এর জবাব দিতে হবে।
এছাড়া শহীদ মিনারের জমির পরিমাণ ও অবস্থা জানিয়ে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী, প্রধান স্থপতি, নির্বাহী প্রকৌশলী (সিভিল ডিভিশন), ঢাকার জেলা প্রশাসককে আরেকটি প্রতিবেদন দিতে বলেছে আদালত। অধ্যাপক মুনতাসির মামুনের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, “শহীদ মিনারের ২০ কাঠা জায়গা দখল করে তেলশাহ’র মাজার নামে একটি মাজার গড়ে উঠেছে। আদালত আদেশে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের সব স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে।” মনজিল মোরসেদ বলেন, “শহীদ মিনার ভাষা শহীদদের একটি স্মৃতি। তাদের আন্দোলনের সূত্র ধরেই আমরা মাতৃভাষাকে পেয়েছি। বিশ্বে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে।” “তার পাশেই কিছু লোক নিজেদের আর্থিক লাভের জন্য মাজার তৈরি করেছে, যদিও সেখানে কোনো সুফি সাধকের কবর ছিল না। এখন তারা সেখানে সুউচ্চ মিনার তৈরির পরিকল্পনা করছে”, যোগ করেন এই আইনজীবী।শহীদ মিনারের পেছনে অবৈধ স্থাপনা গড়ে ওঠার কথা উল্লেখ করে গত ২০ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে ‘বেড়ে উঠছে কথিত মাজার, হুমকিতে শহীদ মিনার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনটি সংযুক্ত করে মুনতাসির মামুন বুধবার সকালে একটি রিট আবেদন করেন। ঢাকা মেডিকেলের সাবেক শিক্ষার্থীদের বরাত দিয়ে কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়, “এখানে কখনো কোনো মাজার ছিল না। ছিল সাধারণ একটা কবর। তারা এ-ও জানান, কবরটি মেডিকেল কলেজের কোনো এক চতুর্থ শ্রেণীর কর্মচারীর। পরে সেই কবরটি নব্বইয়ের দশকে এবং ২০০০ সালের দিকে ধীরে ধীরে মাজার বানিয়ে নিয়েছে স্বার্থান্বেষী গোষ্ঠী।” প্রতিবেদনে আরো বলা হয়েছে, “কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য আশপাশের যে চার একর জমি বরাদ্দ আছে, সেখান থেকেই দখল দেয়া হয়েছে ওই ২০ কাঠা। ইতোমধ্যে দখলকৃত জায়গায় গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা। মাজার ব্যবসায়ীরা এখন কথিত পীরের কবরের ওপর গম্বুজ ও কবরের পাশে কমপ্লেক্স নির্মাণের পাঁয়তারা করছে। ফলে মারাত্মক হুমকির মুখে পড়েছে মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতি স্মারক ও বাঙালি চেতনার প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনার।”
ভাষাসৈনিকের তালিকায় নাম না দেখে ক্ষোভ মওদুদের
ঢাকা, ফেব্রুয়ারি ২২।- নিজেকে ভাষাসৈনিক দাবি করে এই তালিকায় নিজের নাম যোগ করার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। বুধবার সুপ্রিম কোর্টে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত ভাষাসৈনিকদের তালিকায় নাম না দেখে তিনি বিস্মিত হয়েছেন।
বিডিনিউজ জানায়: আদালতের নির্দেশে ভাষাসৈনিকদের একটি তালিকা তৈরি করে সংস্কৃতি মন্ত্রণালয় হাই কোর্টে জমা দেয়। ওই তালিকা ধরে কয়েকটি পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। মওদুদ বলেন, “স্কুলজীবন থেকে আমি ভাষা আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্কুলের নীতি লঙ্ঘন করে ছাত্র ধর্মঘটে যোগদান করায় ১৯৫১ সালে আমি ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল থেকে বহিষ্কৃত হই।” “১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মেডিক্যাল কলেজ ছাত্রাবাসের সামনে (যেখানে এখন শহীদ মিনার) আমার সামনেই পুলিশের গুলিবর্ষণ হয়। বরকতের গুলিবিদ্ধ দেহ স্ট্রেচারে করে মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নেয়ার সময় আমিও সঙ্গে ছিলাম,” বলেন তিনি। বিএনপি নেতা জানান, ’৫২ এর ধারাবাহিকতায় ১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে অনেকের সঙ্গে তিনিও গ্রেপ্তার হন এবং এক মাস কারাগারে ছিলেন। ওই সময়ে তিনি ঢাকা কলেজে পড়তেন বলে জানান তিনি। ১৯৫৫ সালে গ্রেপ্তার হওয়াদের মধ্যে বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও ছিলেন বলে জানান মওদুদ। ভাষাসৈনিকদের তালিকায় মুহিতের নাম থাকলেও নিজের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “উদ্দেশ্যমূলকভাবে আমার নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।”
গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধ অভিযোগের প্রথমাংশ উপস্থাপিত
ঢাকা, ফেব্রুয়ারি ২২।- যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগের প্রথম অংশের উপস্থাপন শেষ হয়েছে। ১৯১ পৃষ্ঠার অভিযোগের প্রথম অংশের অবশিষ্ট অংশ বুধবার বেলা ১১টা থেকে পড়ে শোনান প্রসিকিউটররা।
বিডিনিউজ জানায়: আগামী ২৭ ফেব্রুয়ারি অভিযোগের দ্বিতীয় অংশে ভিডিওচিত্র উপস্থাপন করবেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম। এর আগে, জেয়াদ আল মালুম অভিযোগের দ্বিতীয় অংশ উপস্থাপনের জন্য ট্রাইব্যুনালের কাছে কয়েকদিন সময় চান। আদালত তাতে সায় দিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করে।
এদিকে, সাক্ষী অসুস্থ থাকায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে নির্ধারিত সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়নি। বৃহস্পতিবার পরবর্তী সাক্ষী সাক্ষ্য দেবেন। একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনের বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনতো।
এই ট্রাইব্যুনালে গত বছরের ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের এই নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
সাঈদী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া। এছাড়া দলটির সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধেও ট্রাইব্যুনালে অভিযোগ উপস্থাপন চলছে। যুদ্ধাপরাধের মামলায় এই পর্যন্ত দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
রাকিবকে নির্যাতন: তদন্ত করবে মানবাধিকার কমিশন
ঢাকা, ফেব্রুয়ারি ২২।- বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নাতি রাকিব হোসেনকে নির্যাতনের ঘটনা তদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশনে পাঠিয়েছে হাই কোর্ট।
বিডিনিউজ জানায়: এক মাসের মধ্যেই তদন্ত সম্পন্ন হবে বলে আদালত আশাবাদী। তবে কমিশন চাইলে সঠিক তদন্তের জন্য অতিরিক্ত সময় নিতে পারবে। বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ ঘটনা তদন্তের জন্য পাঠায় কমিশনে।তদন্ত চলাকালে ওই ঘটনায় জড়িত পুলিশের দুই উপ-পরিদর্শক (এসআই) সোমেন বড়–য়া ও মোস্তাফিজুর রহমানকে বরখাস্তের নির্দেশও দেয় আদালত।একইসঙ্গে ঢাকা মহানগর পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আশরাফুল আজিম মিয়া, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম গুলশানের বাইরে বদলি করতে বলা হয়। ওসিকে বদলি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশে রাখতে বলা হলেও এসির ক্ষেত্রে এ ধরণের কোনো নির্দেশনা দেয়া হয়নি।আদালত বলেছে, এই বরখাস্ত বা বদলি ভবিষ্যতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ক্যারিয়ারে শাস্তি হিসাবে ধরা যাবে না। তদন্তকে নিষ্কণ্টক করতেই কেবল এই আদেশ দেয়া হয়েছে।
রাজধানীতে ছুরি মেরে ব্যবসায়ীকে হত্যা
ঢাকা, ফেব্রুয়ারি ২২।- রাজধানীর নয়াপল্টনে এক ট্র্যাভেল এজেন্সি ব্যবসায়ীকে ছুরি মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে শতাব্দী ট্র্যাভেলেসের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম তালুকদার (৩০) ওই ট্র্যাভেল এজেন্সির অন্যতম মালিক।
বিডিনিউজ জানায়: শতাব্দী ট্র্যাভেলসের কর্মী রানা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, সাইফুল রাতে অফিস থেকে বের হয়ে বাসায় যাওয়ার জন্য রাস্তায় নামার পরপরই ৪/৫ জন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি ছুরি মেরে পালিয়ে যায়। রক্তাক্ত সাইফুলকে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেলে নেয়ার পর বুধবার ভোর পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়। মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, সাইফুলের শরীরে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। “বিষয়টি পল্টন থানাকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে”, বলেন তিনি।
রাজনৈতিক মতাদর্শ ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে বললেন নির্মল সেন
ঢাকা, ফেব্রুয়ারি ২২।- রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সাংবাদিক সংগঠনগুলোর বিভক্তির সমালোচনা করে নিজেদের অধিকার আদায়ে তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রবীণ সাংবাদিক নির্মল সেন।
বিডিনিউজ জানায়: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি বলেন, “রাজনৈতিক নেতাদের আমি শ্রদ্ধা করি। কিন্তু বাংলাদেশের দুটি সাংবাদিক ইউনিয়ন দুটি রাজনৈতিক ধারায় বিভক্ত। রাজনৈতিক নেতারাও বিভক্ত হয়ে সাংবাদিক ইউনয়নের দুটি দলের অনুষ্ঠানে আসেন। এটা আমি পছন্দ করি না।”“এর আগেও আপনারা আমাকে বিভিন্ন অনুষ্ঠানের ডেকেছেন। আমি বলেছি, আপনারা ঐক্যবদ্ধ হন, আমি আসবো। আজ আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন, তাই আমি এসেছি”, যোগ করেন এই সাহিত্যিক-রাজনীতিক।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গত ১৮ ফেব্রুয়ারি এক যৌথসভা থেকে এ কর্মসূচি ঘোষণা করে। এর মধ্যে প্রথম দুটি সংগঠনই ক্ষমতাসীন ও বিরোধী দলপন্থী হিসেবে চার ধারায় বিভক্ত। দুই সংগঠনেরই আলাদা কমিটি আছে, যারা আলাদাভাবে বিভিন্ন অনুষ্ঠান করে থাকে। ১৯৯০ সালের পর এবারই প্রথম সবগুলো ধারার সাংবাদিক সংগঠন একজোট হয়ে সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলন শুরু করেছে। অধিকারবঞ্চিত মানুষের পক্ষে অতীতে বিভিন্ন আন্দোলনে সক্রিয় নির্মল সেন এই সমাবেশে সাংবাদিক নেতাদের উদ্দেশে বলেন, “সাংবাদিকদের বেতন-ভাতা নিয়ে আপনাদের কোনো মাথাব্যথা নেই।”“আমি অতীতে যা দেখেছি, তাই লিখেছি। এজন্য অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে আমাকে। আমি এক সময় লিখেছি ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই’। এটা এখন শ্লোগানে পরিণত হয়েছে”, যোগ করেন তিনি।১৯৫৯ সালে দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা শুরু করা নির্মল সেনের সর্বশেষ কর্মস্থল ছিল দৈনিক বাংলা। বিভিন্ন আন্দোলনে যোগ দিয়ে একাধিকবার কারাবরণও করতে হয়েছে তাকে। সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর পাশাপাশি সারাদেশের সব সাংবাদিক সংগঠনও স্থানীয় পর্যায়ে সমাবেশ করছে।
গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। এরপর ১১ দিন পেরিয়ে গেলেও খুনের কারণ কিংবা খুনিদের চিহ্নিত করতে পারেনি পুলিশ।সাংবাদিক সংগঠনগুলো খুনিদের গ্রেপ্তারের জন্য বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেছিল, এর মধ্যে হত্যাকারী গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
সাংবাদিকদের কর্মবিরতি ও অনশন কর্মসূচি ঘোষণা
ঢাকা, ফেব্রুয়ারি ২২।- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ২৭ ফেব্রুয়ারি এক ঘণ্টা কর্মবিরতি এবং ১ মার্চ অনশন করার ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।
বিডিনিউজ জানায়: বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের সব সংগঠনের এক সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী।তিনি জানান, ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত দেশের সব সংবাদপত্র, টেলিভিশন, বার্তা সংস্থা, অনলাইন সংবাদপত্রসহ সব ধরনের সংবাদ মাধ্যমে এক ঘণ্টা কর্মবিরতি পালন করবেন সাংবাদিক ও সংবাদ কর্মীরা। এছাড়া ১ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে প্রতীকী অনশন পালন করা হবে। সারা দেশে সব প্রেসক্লাবেও পালিত হবে একই ধরনের কর্মসূচি। এর মধ্যে সাগর-রুনির হত্যাকারীরা গ্রেপ্তার না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন ইকবাল সোবহান চৌধুরী।গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। পুলিশ এখন পর্যন্ত খুনের কারণ কিংবা খুনিদের চিহ্নিত করতে পারেনি। সাংবাদিক সংগঠনগুলো খুনিদের গ্রেপ্তারের জন্য বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেছিল, এর মধ্যে হত্যাকারী গ্রেপ্তার না হলে নতুন কর্মসূচি দেয়া হবে।
সে অনুযায়ী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) উভয় অংশ , ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ শুরু হয়। এই সময়ে প্রেসক্লাবের সামনে দিয়ে পল্টন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে। সারাদেশের সব প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনও স্থানীয় পর্যায়ে একই ধরনের কর্মসূচি পালন করে। বিএফইউজে ও ডিইউজের ক্ষমতাসীন ও বিরোধী দলপন্থী আলাদা কমিটি থাকলেও ১৯৯০ সালের পর এবারই প্রথম সবগুলো ধারার সাংবাদিক সংগঠন একজোট হয়ে এই কর্মসূচি পালন করছে। প্রবীণ সাংবাদিক নির্মল সেন জাতীয় প্রেসক্লাবের সমাবেশে অংশ নিয়ে সাংবাদিকদের দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়া রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আরেক প্রবীণ সাংবাদিক এবিএম মূসা টেলিফোনে এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন।
পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে অলিকে তলব
ঢাকা, ফেব্রুয়ারি ২২।- পরিবেশ আইন লংঘন করে কক্সবাজারের সমুদ্র সৈকতে স্থাপনা নির্মাণের অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান অলি আহমেদকে তলব করেছে হাইকোর্ট।
বিডিনিউজ জানায়: বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়। আগামী ২৮ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার ইংরেজি দৈনিক ডেইলি স্টারে ‘অলি’স ক্যাসল অন বিচ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন আমলে নিয়ে আদালত এই আদেশ দেয়। প্রতিবেদনে বলা হয়, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ও সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পরিবেশ আইন লংঘন করে কক্সবাজার সমুদ্র সৈকতে ঝাউবনের মধ্যে চারতলা একটি স্থাপনা নির্মাণ করছেন। ওই স্থানটি পরিবেশগত বিপন্ন এলাকার (ইসিএ) মধ্যে পড়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী ওই এলাকায় সকল ধরনের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ।প্রতিবেদনের ভাষ্যমতে, ‘আইপিএল স্যান্ডক্যাসল’ নামে ওই স্থাপনা নির্মাণে অলি আহমেদ ইমপালস প্রোপার্টিজ নামের একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালের নভেম্বর মাসে ওই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।আদালত একই সঙ্গে ওই স্থাপনা নির্মাণের অভিযোগে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না এবং নির্মিত স্থাপনা ভেঙে ফেলতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে। ১২ দিনের মধ্যে পরিবেশ সচিব, ভূমি সচিব, কক্সবাজার জেলার প্রশাসক ও পুলিশ সুপারকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিএনপি না গেলেও জাপা যাবে নির্বাচনে
ঢাকা, ফেব্রুয়ারি ২২।- আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলেও জাতীয় পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
বিডিনিউজ জানায়: বুধবার দলের বনানী কার্যালয়ে এক সভায় তিনি বলেন, “শেষ সময়ে সম্মানজনক রাজনীতি করতে চাই। বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি বিরোধী দল হওয়ার জন্য নির্বাচন করবে না। ক্ষমতায় যাওয়ার জন্যই আমরা নির্বাচন করব।”
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে বিএনপি বলে আসছে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না তারা।
আগামী নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে এরশাদ বলেন, মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। সংসদের তিনশ আসনে এর বেশি প্রার্থী ‘ঠিক’ রয়েছে দাবি করে তিনি বলেন, আগামীতে মানুষ লাঙল মার্কা দেখে ভোট দেবে। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশে ছিনতাই ও পুঁজিবাজারে লুণ্ঠন হবে না বলে আশ্বাস দেন তিনি। সংবিধানে উপদেষ্টার কোনো পদ না থাকলেও প্রধানমন্ত্রী উপদেষ্টা নিয়োগ করায় ক্ষোভ প্রকাশ করেন এরশাদ। “উপদেষ্টারা বাংলাদেশের চেয়ে অন্য দেশের কথাই বেশি বলেন। আমরা দুর্যোগপূর্ণ মুহূর্ত পার করছি। রাজনীতি অন্ধকারাচ্ছন্ন,” বলেন সাবেক এই সামরিক শাসক। নির্বাচন কমিশন গঠনে সুনির্দিষ্ট আইন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এরশাদ।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ঢাকা মহানগর (উত্তর) আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এরশাদ। ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার প্রমুখ।
নওগাঁয় গৃহবধূকে দোররা: গ্রেপ্তার ২
নওগাঁ, ফেব্রুয়ারি ২২।- নওগাঁর রাণীনগর উপজেলায় গৃহবধূ ও যুবককে দোররা মারার ঘটনায় সালিশের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ জানায়: বুধবার দুপুরে গ্রেপ্তার এ দু’জন হলেন এলাকার মাতবর আফজাল হোসেন ও মাওলানা নূরে আলম। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজত (রিমান্ড) চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রানীনগর থানার ওসি শাহরিয়ার খাঁন বলেন, দুপুর সাড়ে ১২টায় নির্যাতিত গৃহবধূ আকলিমা ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করার পরপরই মীরাট উত্তরপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুঁজিবাজার: ক্ষতি পোষানোর পদক্ষেপ ১০ দিনে চূড়ান্ত
ঢাকা, ফেব্রুয়ারি ২২।- পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষানোর পদক্ষেপ আগামী ১০ দিনের মধ্যে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আস্থার সংকট কাটিয়ে পুঁজিবাজার স্থিতিশীল করতে সরকারের প্রচেষ্টা সফল হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ জানায়: বুধবার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। এরপর তিনি সাংবাদিকদের বলেন, “ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দেয়ার লক্ষে গঠন করা কমিটি আজ আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দিয়েছে।”
ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে উল্লেখ করে মুহিত বলেন, “তাদের এসব সুপারিশ যাচাই-বাছাই করতে আরো কয়েকদিন সময় লাগবে।” “আগামী ১০ দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত করে আপনাদের মাধ্যমে জানাতে পারবো।” “তবে এটা বলতে পারি যে, এমন একটা উদ্যোগ নেব যেটা সবার জন্যই ভালো হবে,” যোগ করেন অর্থমন্ত্রী।
শরীয়তপুর উপ-নির্বাচন: মহিতুল গনির আপিল
শরীয়তপুর, ফেব্রুয়ারি ২২।- শরীয়তপুরের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মহিতুল গনি মিন্টু।
বুধবার ঢাকা নির্বাচন কমিশনে এই আপিল করেন মহিতুল গনি মিন্টু।
বিডিনিউজ জানায়: বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে আপিলের শুনানি হবে বলে কমিশন জানিয়েছে। মনোনয়নপত্র জমা দেয়া সময় স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষরযুক্ত ভোটার তালিকা জমা দিতে হয়। মহিতুল গনির জমা দেয়া তালিকায় মৃত ব্যক্তির নাম পাওয়াসহ আরো কয়েকটি ত্রুটি পাওয়া গেলে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।মহিতুল গনি বলেন, “আমি যথাযথ নিয়মে মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সম্বলিত কপি জমা দিয়েছিলাম। রিটার্নিং অফিসার প্রভাবিত হয়ে আমার মনোনয়নপত্র বাতিল করেছেন।” বুধবার নির্বাচন কমিশনের বরাবর আমার বাতিল হওয়া মনোনয়নপত্র পুনর্বিবেচনার জন্য আপিল করেছি। উপ-নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে নিয়োজিত চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ আহম্মেদ খান বলেন, “আমি আইন অনুযায়ী মনোনয়পত্র বাতিল করেছি। আপিল করার অধিকার প্রার্থীর রয়েছে।” সংসদ সদস্য আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য আব্দুর রাজ্জাকের মৃত্যুর পর ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। মহিতুল গনি মিন্টুর মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল হলে ২৬ ফেব্রুয়ারি নাহিম রাজ্জাককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
